Ridge Bangla

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

রাজধানীতে সম্ভাব্য নাশকতা ও নিষিদ্ধঘোষিত সংগঠনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণা ও কর্মসূচির তথ্য নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপির একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। এতে ভোররাত থেকে অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কৌশলগত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মসূচি পালনের আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা অবলম্বন করছে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ও নাশকতা প্রতিহতে মাঠে সক্রিয় রয়েছে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এরই মধ্যে শনিবার ভোরে বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উসকানিমূলক কার্যক্রম নজরে এসেছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন