Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বিশেষ করে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে।

সরকারি সূত্রে জানা গেছে, কাতারে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাই শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ, দক্ষ জনশক্তি নিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

দোহার বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এই সফর বাংলাদেশ-কাতার সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন