সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ মে পালিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’ এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপর হজ ও ঈদুল আজহার সময়সূচি ঘোষণা করা হয়।
ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হজ। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালিত হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের প্রধান রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে হাজিরা সেখানে ইবাদত-বন্দেগিতে অংশ নেন।
এরপর জিলহজের ১০ তারিখ মুসলিম বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের এই মহিমান্বিত উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।