পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ এবং ২৫ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন।
খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি ডিএমপি, সিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবেও কাজ করেছেন।
উল্লেখ্য, সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনারের পদটি শূন্য ছিল। এ সময় ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার এবং পরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।