Skip to main content

Ridge Bangla

৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা বিমানের বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন যাত্রী

৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা কান্টাস এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক যাত্রী বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন। তার এমন অস্বাভাবিক আচরণে শেষ পর্যন্ত বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। এরপর প্রায় ৩৫ মিনিট বিরতির পর বিমানটি আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী কান্টাসের কিউএফ২১ ফ্লাইটে। গত শুক্রবার দুপুর আড়াইটায় উড্ডয়নের পর প্রায় সাত ঘণ্টা যাত্রা স্বাভাবিকভাবে চললেও হঠাৎ এক যাত্রী বিশৃঙ্খলা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই যাত্রী হঠাৎ উত্তেজিত হয়ে বিমানের ভেতরেই ‘একটু বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি’ বলেন। পরিস্থিতি এরপর আরও খারাপ হয়ে ওঠে, যখন তিনি ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেন। অবস্থা বেগতিক দেখে কেবিন ক্রুদের সঙ্গে অন্য যাত্রীরাও তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ক্রুদের সঙ্গে তর্ক করছেন। এ সময় তাকে বিমানের পেছনের দিকে যেতে বলা হলে অশালীন ভাষায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ফ্লাইটটি ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয়।

ঘটনার পর কান্টাসের এক মুখপাত্র জানান, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উড়োজাহাজে কোনো ধরনের হুমকিমূলক আচরণের ক্ষেত্রে তারা ‘শূন্য সহনশীলতা’ নীতি অবলম্বন করবেন।

ওই যাত্রীকে কান্টাস এয়ারলাইন্সের পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠান জেটস্টারের সব ফ্লাইটে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

This post was viewed: 43

আরো পড়ুন