Ridge Bangla

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। রোববার (১৭ মে) সচিবালয়ে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে চায়। বিশেষ করে বিজ্ঞাপন বণ্টনে ভুয়া প্রচারসংখ্যা বা দর্শকসংখ্যা দেখানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার।

তিনি জানান, আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন টেলিভিশনের প্রকৃত দর্শকসংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব। তাই ভুয়া হিসাব দেখিয়ে বিজ্ঞাপন নেওয়ার সুযোগ আর থাকবে না।

তবে মুদ্রিত পত্রিকার ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনো নির্ভুল প্রচারসংখ্যা নির্ধারণে কিছু জটিলতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জহির উদ্দীন স্বপন বলেন, কেউ কেউ সামান্য তথ্যকে বড় আকারে উপস্থাপন করে কোটি দর্শক বা বিপুল প্রচারসংখ্যার দাবি করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার কোনো ভুয়া কাঠামোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না বলেও তিনি স্পষ্ট জানান।

This post was viewed: 4

আরো পড়ুন