Skip to main content

Ridge Bangla

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার মেয়ে তাসনিম সিনহা।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার পিতা ছিলেন দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা। শৈশবে তিনি কলকাতায় বেড়ে ওঠেন।

শিক্ষাজীবনে তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তিনি ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন এবং দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২০ সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও পরবর্তীতে আবার দলীয় কর্মকাণ্ডে যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

This post was viewed: 51

আরো পড়ুন