বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। এতে মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরা হয়।
তফসিল অনুযায়ী, ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
২৩ মে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪ মে বাছাইকৃত মনোনয়ন নিয়ে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া পোস্টাল বা ই-ব্যালটের আবেদনও ২৫ মে শেষ করতে হবে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবির বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের ফলাফল ঘোষণা করা হবে।