Ridge Bangla

পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর স্থানীয়রা তার চলাফেরায় সন্দেহ করলে পুলিশকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাব্বির বিন শামস পূর্বে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানা গেছে।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন