পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিন, অর্থাৎ ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
রেলওয়ের ঘোষণায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এর আগে ১৩ মে ২৩ মে’র, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এদিকে, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে।