Ridge Bangla

নরসিংদীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিশাত ওই গ্রামের ইসমাইল শেখের সন্তান বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিশাত দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি স্থানীয় একটি দোকানে যাওয়ার সময় মিশাত ও তার সহযোগী মারুফ (২৩) তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে মিশাত তাকে ধর্ষণ করে।

এদিকে মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা ও খালাতো ভাই ওই পরিত্যক্ত ঘরের সামনে যান। ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে তারা ঘরে ঢুকতে গেলে সহযোগী মারুফ বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশ করলে মারুফ পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে মিশাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান আসামি মিশাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মারুফকে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া, ভুক্তভোগী স্কুলছাত্রীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

This post was viewed: 5

আরো পড়ুন