Ridge Bangla

জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি দপ্তরে এ চুক্তি সই হয়।

সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই দেশের জ্বালানি ও কূটনৈতিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, এই সমঝোতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জ্বালানি সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এই চুক্তি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি খাতে গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করা হবে। এছাড়া বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতে সহায়তা দেওয়া হবে।

This post was viewed: 8

আরো পড়ুন