ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডনসহ মোট ১১ জন এবং আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম।
এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যু মামলা হয়। তবে পরবর্তীতে আদালতের নির্দেশে বিষয়টি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল।