টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পাকা বোরো ধানসহ বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নদ-নদীতে পানি বৃদ্ধি পায়। বুধবার সকালে হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের মেনংছড়া নদীর বাঁধ এবং গাজীরভিটা ইউনিয়নের বুড়াঘাট নদীর বাঁধ ভেঙে যায়। একই দিনে বিকেলে ধোবাউড়ার গামারীতলা এলাকায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়।
পানিতে তলিয়ে গেছে হালুয়াঘাটের মাজরাকুড়া, কুমারগাতী, কড়ইতলী, গোবরাকুড়া, রাংরাপাড়াসহ অন্তত ১৭টি গ্রাম। ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নের বেশ কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকেরা জানিয়েছেন, ধানখেত পানির নিচে চলে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি না নামলে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, হালুয়াঘাটে চলতি মৌসুমে প্রায় ২২ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে, যার একটি অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।