Ridge Bangla

ম্যাক্রোঁকে ‘চড়’ দেওয়ার গুঞ্জনে তোলপাড় ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে, ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ বার্তা আদান-প্রদানকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল।

ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ বইয়ে উল্লেখ করা হয়, গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার আগে ব্রিজিত ম্যাক্রোঁ স্বামীর মোবাইলে কিছু ব্যক্তিগত বার্তা দেখতে পান। এরপর ক্ষুব্ধ হয়ে তিনি জনসমক্ষে ম্যাক্রোঁকে ধাক্কা বা চড় সদৃশ আচরণ করেন বলে বইটিতে দাবি করা হয়েছে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।

বইটির তথ্যমতে, ম্যাক্রোঁ ও অভিনেত্রী ফারাহানির মধ্যে কয়েক মাস ধরে ঘনিষ্ঠ যোগাযোগ চলছিল। একপর্যায়ে ফারাহানি ম্যাক্রোঁকে “আকর্ষণীয়” বলে বার্তা পাঠান এবং জবাবে ম্যাক্রোঁও তার প্রশংসা করেন। এ ঘটনার পরই ব্রিজিত ম্যাক্রোঁ ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি করা হয়েছে।

তবে এলিসি প্রাসাদ আগের মতোই বিষয়টিকে ‘ঘরোয়া মজা’ হিসেবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে ব্রিজিত ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্র এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

This post was viewed: 7

আরো পড়ুন