সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় রদবদলের অংশ হিসেবে নয় জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয়জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় এ পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২০ মে’র মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
নতুন নিয়োগ অনুযায়ী জয়নাল আবেদীনকে জামালপুরে, মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, ইরিন আক্তারকে রাঙামাটিতে, আবু রাসেলকে কক্সবাজারে, আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং মফিজুর রহমানকে শেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।