আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনর্বিন্যাসের অংশ হিসেবে আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মুম্বাই সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ এবং জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে আগাম সময়সূচি সমন্বয় করা হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া।
নতুন সূচি অনুযায়ী, দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরগামী ফ্লাইটের সাপ্তাহিক সংখ্যাও কমানো হয়েছে। এছাড়া দিল্লি-শিকাগো রুটের ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও হ্রাস করা হয়েছে।
ইউরোপের প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটেও নিয়মিত ফ্লাইট কমাবে এয়ার ইন্ডিয়া। তবে মুম্বাই-নেওয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর ভিত্তিহীন। সংস্থাটি বলছে, সমন্বয়ের পরও প্রতি মাসে পাঁচটি মহাদেশে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।