বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বকশিশের টাকা না পেয়ে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার দুই মিনিটের মাথায় দিপালী সিকদার (৪০) নামে ওই রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দিপালী সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের শংকর সিকদারের স্ত্রী। স্বজনদের ভাষ্য, তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুরের দিকে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে স্থানান্তর করে টানা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। তবে শয্যা সংকটের কারণে তাকে ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল।
নিহতের ভাই মিলন হাওলাদার অভিযোগ করেন, হাসপাতালের কর্মচারী সোহেল অন্য এক রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিটি সরানোর জন্য দিপালীর অক্সিজেন লাইন খুলে দেন। পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি তা শোনেননি। অক্সিজেন খুলে দেওয়ার অল্প সময়ের মধ্যেই দিপালীর মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত কর্মচারীকে মারধর করলে হাসপাতালের অন্য স্টাফদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত সোহেল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।