Ridge Bangla

আবাহনীকে হারিয়ে আবারও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিতে নিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। তবে ৭৫তম মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বক্সের ভেতরে ফাহিমকে ফাউল করলে পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন দরিয়েলতন।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে আবাহনী। ৭৮তম মিনিটে সোহেল রানার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস।

শেষদিকে আবাহনী গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। এমেকা ওগবুগের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক শ্রাবণ।

এই জয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস।

This post was viewed: 5

আরো পড়ুন