২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে প্রসিকিউশনের আবেদনের পর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সকালে কারাগার থেকে তিনজনকে আদালতে আনা হয়।
প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে দাবি করে, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। ওই সময় নিহতদের প্রকৃত সংখ্যা গোপনে সহায়তার অভিযোগও আনা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে।
এ মামলায় এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন। প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ওই ঘটনায় ঢাকাসহ দেশের চারটি এলাকায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন।