Ridge Bangla

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। আগের তালিকার তুলনায় এবার ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশার সই করা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সেই হিসাবে এবার ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যারা চলতি বছরের ৩১ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্য এ তালিকায় স্থান পেয়েছে।

এর আগে ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ৩ মে পর্যন্ত সংশোধনের আবেদন গ্রহণ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

This post was viewed: 5

আরো পড়ুন