আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে সামান্য পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্র-চীন উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৯ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়ায় ১০৭ দশমিক ৫৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৯ সেন্ট বা ০.৪ শতাংশ কমে ১০১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে।
গত কয়েকদিন ধরে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর এই পতন এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ শৃঙ্খলে অনিশ্চয়তা এখনো বাজারকে অস্থির করে রেখেছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তেলের দামে বড় প্রভাব ফেলছে। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়।