Ridge Bangla

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমানে বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই একই পরিবারের আপন চার ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের বরাত দিয়ে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির গ্যাস সিস্টেমে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। একই সঙ্গে ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দূতাবাস জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

This post was viewed: 9

আরো পড়ুন