সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট প্রত্যাহার করেছে রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রশাসন। কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ক্যাম্পাসে বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক নামে এক শিক্ষার্থীকে একজন বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বির নাম উঠে আসে। এই ঘটনায় আটক হওয়া বহিরাগতসহ পাঁচজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হলে আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে একজনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী নিজেকে এইডস আক্রান্ত বলে দাবি করেছেন। জানা গেছে, শিক্ষার্থীটি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের বরাতে জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীরা হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন। এছাড়াও তাদের ফোনে একাধিক সমকামী গ্রুপের তথ্য ও বিভিন্ন আপত্তিকর ছবি পাওয়া গেছে।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হোস্টেল থেকে তাদের সিট বাতিল হলেও ছাত্রত্ব বহাল থাকছে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।