পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন হরিপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী কান্দিল মুর্তজা। ২০২৬ সালের সমাবর্তনে এমবিবিএস পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তিনি একাই অর্জন করেছেন ১৭টি স্বর্ণপদক।
পেশোয়ারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্জির পেশায় নিয়োজিত বাবার উপস্থিতিতে কান্দিলের এই অর্জন আবেগঘন পরিবেশ তৈরি করে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের ইতিহাসে এর আগে কোনো শিক্ষার্থী এত সংখ্যক স্বর্ণপদক অর্জন করতে পারেননি। একই অনুষ্ঠানে কান্দিল মুর্তজার সঙ্গে মুকাদ্দাস ও সাবীহ নামের দুজন যথাক্রমে ১০টি ও ৭টি করে স্বর্ণপদক পেয়েছেন।
কান্দিলের পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বলে জানা গেছে। তার এক বোন মেডিকেল শিক্ষার্থী, আরেক বোন এফআইএ কর্মকর্তা এবং অন্য এক বোন পিএইচডি সম্পন্ন করে কর্মরত আছেন। পরিবারের একমাত্র ছেলেও প্রকৌশলী।
কান্দিলের এই সাফল্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।