Ridge Bangla

ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিংমল

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা কার্যকর ছিল।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই নতুন সময়সূচি কার্যকর হয়েছে এবং ঈদুল আজহা পর্যন্ত তা বহাল থাকবে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট প্রশাসনকে স্থানীয় পর্যায়ে বিষয়টি তদারকিরও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে সাধারণত শেষ মুহূর্তে কেনাকাটার চাপ বেড়ে যায়। সময়সীমা বাড়ানোয় ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসায়ীরাও বাড়তি বিক্রির সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা।

This post was viewed: 16

আরো পড়ুন