সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে তিনটি খাল খনন ও পুনঃখনন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি সেচ ব্যবস্থায়ও বড় ধরনের সুবিধা মিলবে।
চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান কর্মসূচির আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উল্লাপাড়ার কয়রা বাগলপুর থেকে মুক্তা নদীর পাড় পর্যন্ত খাল খননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা। এছাড়া পূর্ব দেলুয়া থেকে হাটিকুমরুল ধোপাকান্দি পর্যন্ত আরেকটি খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকার বেশি। শাহজাদপুর উপজেলার মশিপুর বাজার থেকে লালপুর পর্যন্ত খাল খননে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ভেকু মেশিন ব্যবহার করে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যে গড়ে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং আগামী জুনের মধ্যেই পুরো প্রকল্প সম্পন্ন হবে।
রোববার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ-ন-ম বজলুর রশীদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।