Ridge Bangla

ঈশ্বরদীর পাকশীতে ট্রেনের ধাক্কায় নিহত একজন

পাবনার ঈশ্বরদীর পাকশীতে ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৬টার দিকে পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পাকশী রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু হোসেন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানালে তারা ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, রেললাইনে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন