Ridge Bangla

মাদক সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে সফল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবেলায় পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তবে বাহিনীর কোনো সদস্য যদি মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। বর্তমান সময়ে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে এবং ধীরে ধীরে বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসছে।

অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিট ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

This post was viewed: 14

আরো পড়ুন