Skip to main content

Ridge Bangla

বিষাক্ত কেমিক্যালের গন্ধে ঈশ্বরদীতে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ে হঠাৎ করে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি ‘ম্যাস হিস্টিরিয়া’ বা মানসিক আতঙ্কজনিত প্রতিক্রিয়া হতে পারে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
অসুস্থ শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রী। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
 
বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে বিদ্যালয়ের তৃতীয় তলায় কয়েকজন ছাত্রী প্রথমে মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার উপসর্গে আক্রান্ত হয়। পরে ধীরে ধীরে আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে।
 
তিনি বলেন, তখন প্রচণ্ড গরম ছিল এবং কিছু সময় পর বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানী জানান, একটি শ্রেণিকক্ষের বেঞ্চের নিচে মুখ খোলা অবস্থায় উকুননাশক স্প্রে পাওয়া গেছে। সেটি থেকে কোনো গন্ধ বের হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
 
তিনি আরও জানান, বিষয়টি জানিয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়।
 
ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ভিড় করেন। তবে চিকিৎসা শুরুর পর অনেক শিক্ষার্থী স্বাভাবিক বোধ করায় তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
 
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাবেরী সাহা বলেন, একসঙ্গে অনেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় আনা হয়। কারও শ্বাসকষ্ট, কারও অজ্ঞান হওয়ার মতো উপসর্গ ছিল। দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও অন্যরা এখন অনেকটাই সুস্থ।
 
তিনি জানান, এটি মূলত ‘ম্যাস হিস্টিরিয়া’ হতে পারে, যেখানে একজনকে অসুস্থ হতে দেখে অন্যদের মধ্যেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
This post was viewed: 31

আরো পড়ুন