Ridge Bangla

হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম, দুদকে ৫০ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়ার বাসিন্দা মো. মোছাদ্দেক আলী ডাকযোগে দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ে এ অভিযোগ পাঠান। অভিযোগে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, মো. ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি বিভাগের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ফসলরক্ষা বাঁধ নির্মাণে নিম্নমানের কাজ, সময়মতো কাজ শেষ না করা এবং অপ্রয়োজনীয় প্রকল্পে বরাদ্দ দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। কোথাও কোথাও আংশিক কাজ দেখিয়ে পুরো বরাদ্দ উত্তোলনের অভিযোগও আনা হয়।

এছাড়া প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালীদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে অনেক বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন