গর্ভে থাকা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধ করতে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না।
আজ সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়েছিল।
রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য বাড়ায়, কন্যাশিশু হত্যার প্রবণতা সৃষ্টি করে এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। এছাড়া এ ধরনের চর্চা সংবিধানে স্বীকৃত সমতা ও জীবনের অধিকারের পরিপন্থি বলেও উল্লেখ করেন আদালত।
হাইকোর্ট আরও বলেন, শুধু গাইডলাইন তৈরি করলেই হবে না, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ ঠেকাতে কার্যকর নীতিমালা, ডিজিটাল নজরদারি ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।