রাজশাহীর কাজলা এলাকায় চুরির সন্দেহে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। বর্বর এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার তুষার (৩৫) মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির অভিযোগে তাকে আটক করে কয়েকজন যুবক। পরে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে তাকে বেপরোয়াভাবে মারধর করা হয়।
ভিডিওতে দেখা যায়, যন্ত্রণায় কাতর তুষার বারবার নির্যাতন বন্ধের অনুরোধ করলেও হামলাকারীরা থামেনি। স্থানীয়দের দাবি, পুরো ঘটনা ভিডিও ধারণ করছিল হৃদয় নামের এক যুবক।
সিটিএসবি সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িতদের মধ্যে আশিক, মাহিন ও মানিক নামে তিনজনের নাম উঠে এসেছে।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ওসি গোলাম কবির জানিয়েছেন, ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।