পুলিশকে কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখে থেমে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে হবে এবং অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই গণ্য করবেন।’
তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।
পদোন্নতি বা পছন্দের পদায়নের জন্য তদবির পেশাদারিত্বের পরিপন্থী উল্লেখ করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিক দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।