পাবনার ঈশ্বরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ভুট্টু হোসেন (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। ডিবি পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ১৩০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।