Ridge Bangla

এবার কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক দরবার শরীফের খাদেমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত খাদেম কামাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজারসংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন স্থানীয় দরগাতলা এলাকার বাসিন্দা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, খাদেমের ওপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ দুই দিন ও জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন দরগাহ শরীফে ওরশ মোবারক আয়োজনের প্রস্তুতি চলছিল। ওরশকে ঘিরেই আয়োজন করা হয় মেলার। ওই মেলা উপলক্ষে কমিটি গঠন ও ওরশের আয়োজন-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কয়েক পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কামাল হোসেন দাবি করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ওরশ ও মেলা পরিচালনা কমিটি নিয়ে মতবিরোধের কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, হামলাকালে তার বোন রিতা খাতুন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তিনিও মারধরের শিকার হন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের হার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন