দেশের আইনশৃঙ্খলা কার্যক্রম আরও কার্যকর করতে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী সদস্যদের বিশেষ নীতিমালার আওতায় এই সুবিধা দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যরা এ ভাতার আওতায় আসতে পারেন।
আজ রোববার (১০ মে) শুরু হওয়া “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় পুলিশের জন্য আধুনিক ও উন্নত হাসপাতাল নির্মাণের বিষয়েও আশ্বাস দেওয়া হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি বিভিন্ন কন্টিনজেন্টের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কল্যাণ সভায় অংশ নেন।