Ridge Bangla

প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশসহ একাধিক দেশে পরীক্ষা বাতিল ক্যামব্রিজের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ কর্তৃপক্ষ। বাংলাদেশসহ একাধিক দেশে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্ন সামাজিক মাধ্যমে আগেই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ মে) ক্যামব্রিজের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নফাঁসের কারণে পরীক্ষার ফল নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই বিকল্প মূল্যায়ন পদ্ধতি ব্যবহার না করে পুরো পরীক্ষাই বাতিল করা হয়েছে। নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।

তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যামব্রিজ আরও জানায়, এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

This post was viewed: 5

আরো পড়ুন