Ridge Bangla

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় সিয়াম সরদার নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার ঘটনায় পলাতক শেখ হাসিনাসহ ১১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও রয়েছে।
পুলিশ ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
This post was viewed: 8

আরো পড়ুন