Ridge Bangla

১৬ বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ

দেশের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ‘লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এতে আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশে বর্তমান ডিজিটাল যুগের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সেখানে বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসবের অতিরিক্ত ব্যবহার ও অনিয়ন্ত্রিত প্রবেশাধিকারের কারণে তাদের মধ্যে আসক্তি বাড়ছে এবং পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।

নোটিশে বলা হয়, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য, অপপ্রচার ও পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও মূল্যবোধের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। পাশাপাশি অনলাইন গেমে আসক্তি, অপরাধপ্রবণতা ও দলবদ্ধ অপরাধে (কিশোর গ্যাং কালচার) জড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং নষ্ট করছে নৈতিক মূল্যবোধ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অধিকাংশ অভিভাবক ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সচেতন নন। ফলে তারা সন্তানদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। এমতাবস্থায় শিশুদের নিরাপত্তা ও সঠিক বিকাশের স্বার্থে রাষ্ট্রের পক্ষ থেকে আইনি কাঠামো তৈরি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরালো করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন