Skip to main content

Ridge Bangla

২১ বছরের প্রবাস জীবন শেষে দুবাই থেকে ফিরল লোকমানের মরদেহ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২১ বছরের প্রবাস জীবন শেষে লাশ হয়ে দেশে ফিরেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী লোকমান হোসেন। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লোকমান হোসেন ২০০৫ সালে জীবিকার সন্ধানে দুবাই যান। দীর্ঘ প্রবাস জীবনে তিনি শুধু কর্মজীবীই ছিলেন না, দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও পরিচিত ছিলেন। কয়েক মাস আগে দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। পরে গত ৯ এপ্রিল আবারও কর্মস্থল দুবাইয়ে ফিরে যান।

দুবাই বিএনপির নেতাদের বরাতে জানা গেছে, দেশে থেকে ফেরার মাত্র দুই দিন পর ১১ এপ্রিল রিগ্গা রোড এলাকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লোকমান। পরে তাকে দ্রুত দুবাই হাসপাতালে ভর্তি করা হয়।

টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর ১৯ এপ্রিল তিনি মারা যান। তবে শুরুতে তার মৃত্যুর খবর অনেকেই জানতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে। এরপর স্বজন ও পরিচিতরা হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

লোকমান হোসেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন