যশোরের অভয়নগরে সার আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী আনিছুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভে নেমেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অভয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তি শাহ মাহমুদকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি বলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আনিছুর রহমান (৬৭) দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক কারণে অভয়নগরের গুয়াখোলা এলাকায় বসবাস করছিলেন। নওয়াপাড়া বাজারস্থ মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন তিনি।
আনিছুর রহমানের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম এবং প্রত্যক্ষদর্শী স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীরের বরাতে জানা যায়, বুধবার (৬ মে) সন্ধ্যায় গুয়াখোলা গ্রামের আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে আনিছুর রহমানের সঙ্গে তাদের আলাপ চলছিল। এ সময় মার্কেটের একটি ঘর ভাড়া দেওয়া নিয়ে পীরবাড়ির শাহ মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক সেখানে এসে তর্কে জড়ায়।
তারা অভিযোগ করে বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে শাহ মাহমুদ আনিছুর রহমানের মুখমণ্ডলে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আনিছুর রহমানকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।