লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরও ১৭৪ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে ফেরা ব্যক্তিদের বেশিরভাগই মানবপাচার চক্রের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকে অপহরণ, নির্যাতন ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
সরকার সংশ্লিষ্ট মহল আবারও বৈধ উপায়ে বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে মানবপাচারকারীদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।