সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সুষ্ঠু ও চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচন তারই প্রমাণ।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।
সেনাপ্রধান বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, “আপনারা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। আমরা সহযোগিতার ভূমিকা পালন করেছি, তবে মূল দায়িত্ব ছিল আপনাদের ওপর।”
তিনি আরও বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই পরিস্থিতি কাটিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা বড় অর্জন।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে।