দূরপাল্লার সামরিক সক্ষমতা জোরদারে নতুন মাইলফলক স্পর্শ করল তুরস্ক। দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ইলদিরিমহান’ নামের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচন করেছে। মঙ্গলবার সাহা ২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের তত্ত্বাবধানে নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে প্রায় ২৫ গুণ বেশি, অর্থাৎ ম্যাক ২৫ গতিতে উড়তে সক্ষম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘ইলদিরিমহান’-এর কার্যকর পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার, যা দেশটির দীর্ঘপাল্লার আঘাত হানার সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তিগত দিক থেকে ক্ষেপণাস্ত্রটিতে লিকুইড নাইট্রোজেন টেট্রোক্সাইড জ্বালানি ব্যবহার করা হয়েছে এবং এটি চারটি শক্তিশালী রকেট ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি তুরস্কের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোর একটি।
সাহা ইস্তাম্বুল আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশটির শীর্ষ প্রতিরক্ষা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। এতে ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান চালনা ও মহাকাশ প্রযুক্তির নতুন উদ্ভাবনও প্রদর্শিত হয়।