Ridge Bangla

জুনের মধ্যেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন থেকে এই প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং জুন মাসের মধ্যেই তা সম্পন্ন করা হবে।

মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। পরে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনাসদস্যদের ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই দেশে কারফিউ জারির পর তৎকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করে। পরবর্তীতে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও মাঠপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করলেও বর্তমানে সেই ক্ষমতা আর কার্যকর নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এখন সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং সরাসরি আইনগত কার্যক্রমে অংশ নিচ্ছে না।

This post was viewed: 15

আরো পড়ুন