তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (৬ মে) প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সরকার দেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পানি সম্পদ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।