জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এবার পড়েছে দেশের নৌপথের যাত্রীভাড়ায়। বাসভাড়া বৃদ্ধির পর দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চ ও অন্যান্য নৌযানের ভাড়াও বাড়িয়েছে সরকার।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯ অনুযায়ী যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া ইতোমধ্যে কার্যকর হয়েছে।
পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ানো হয়েছে।
এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ১৪ পয়সা।
একই সঙ্গে সর্বনিম্ন যাত্রীভাড়াও বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সর্বনিম্ন ভাড়া ছিল ২৯ টাকা, এখন তা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।