চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বেইজিং সফরের এক সপ্তাহ আগে তিনি রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ইরানকে সতর্ক করে যে তাদের বর্তমান পদক্ষেপ দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার’ দিকে ঠেলে দিতে পারে।