বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশে এবং ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে বদলি করা হয়েছে। বান্দরবানের এসপি আবদুর রহমানকে আরএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শাহনাজ বেগমকে জয়পুরহাট, আনোয়ার জাহিদকে এসবি এবং ছুফি উল্লাহকে পাবনার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনীতেও নতুন এসপি পদায়ন করা হয়েছে। ডিএমপি, সিআইডি, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।